শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বহিষ্কারাদেশ প্রত্যাহার, নিজ দলে ফিরলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন অনু

Reporter Name

(রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা শাহ মো. ফরহাদ হোসেন অনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তক্রমে প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তাকে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে এবং ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।

 

শাহ মো. ফরহাদ হোসেন অনু পীরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় গত ২৬ এপ্রিল ২০২৪ তারিখে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। যদিও সে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।

 

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় শাহ ফরহাদ হোসেন অনু কালবেলাকে বলেন, প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের সকল সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সংগঠন থেকে দীর্ঘদিন বাইরে থাকা যে কতটা কষ্টের, তা আমি হাড়ে হাড়ে অনুভব করেছি।

 

তিনি আরও বলেন, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার প্রতি আরও বেশি সচেতন থেকে বিএনপিকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।